তথ্যপ্রযুক্তি

ইতালিতে ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব

ছবি: রয়টার্স
শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আনতে যাচ্ছে ইতালি। নতুন প্রস্তাব অনুযায়ী, ১৩ বছরের কম বয়সীরা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর ১৩ থেকে ১৫ বছর বয়সীদের অ্যাকাউন্ট ব্যবহারের জন্য মা-বাবার যেকোনো একজনের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। ১৬ বছর বয়স থেকে স্বাধীনভাবে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ মিলবে।

বুধবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকারের সমর্থনে প্রস্তাবটি পার্লামেন্টে আলোচনার অপেক্ষায় রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ এ বিষয়ে সরকারি ডিক্রি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা-সংক্রান্ত একটি ডিক্রিতে সংশোধনী হিসেবে এসব বিধিনিষেধ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। রয়টার্সের দেখা সংশোধনীতে বলা হয়েছে, শিক্ষামূলক অ্যাপগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবস্থা রাখতে হবে।

ইতালির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এজিকম (এজিকম) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করবে। ডিক্রি কার্যকর হওয়ার পরবর্তী নয় মাসের মধ্যে এসব নির্দেশিকা প্রণয়নের কথা রয়েছে।

ইতালির ক্ষমতাসীন দল ব্রাদার্স অব ইতালির জ্যেষ্ঠ আইনপ্রণেতা ফাবিও রামপেল্লি বলেছেন, শিশুদের ডিজিটাল আসক্তি নিয়ে উদ্বিগ্ন অভিভাবক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য এই সংশোধনী গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে।

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশ শিশুদের এসব প্ল্যাটফর্ম ব্যবহারে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও গ্রিসের মতো দেশও এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ন্ত্রণ এবং শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও বিভিন্ন দেশের সরকারের চাপ বাড়ছে।

ক্যাটাগরি