‘উদ্যোগ’ কর্মসূচির ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়া কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। ফলে এ নামে কোনো ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্যও সবাইকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকার সহায়তার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।



