এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫৯৮ টাকা

পাইপলাইনে গ্যাস সরবরাহ সংকটের মধ্যে ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসি জানিয়েছে, প্রতি কেজি এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা, যা আগে ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও সমন্বয় করা হবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। এর আগে জুন ও জুলাইয়ে টানা দুই মাস দাম কমলেও আগস্টে আবার দাম বাড়ল।
তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে সৌদি আরামকোর প্রকাশিত সৌদি কার্গো মূল্য (সিপি), আমদানি ব্যয় এবং ডলারের গড় বিনিময় হার বিবেচনায় প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।




