আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগ, নিহত ১৬২; নিখোঁজ শত শত বিদেশি

ছবি : রয়টার্স

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শত শত মানুষ, যাদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক রয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৬২ জনের মরদেহ উদ্ধার করেছে নেপালের পুলিশ। এ ছাড়া ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ১৪২ জন ভারতীয়সহ মোট ৩৪১ জন বিদেশি পর্যটক রয়েছেন।

নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।

ছবি: রয়টার্স

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত। তিনি বন্যাটিকে আকস্মিক ও ভয়াবহ দুর্যোগ হিসেবে উল্লেখ করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করতে সরকারের সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোটকোশী নদীর তীরবর্তী রসুয়া ও নুয়াকোট জেলার কয়েকটি জনবসতি। এসব এলাকা জনবিরল হলেও নেপাল-চীন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সড়কপথ রয়েছে। বন্যা ও ভূমিধসে জলবিদ্যুৎ প্রকল্প, মহাসড়ক ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিখোঁজ পর্যটকদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে নেপাল সরকার অভিযান জোরদার করেছে।

ক্যাটাগরি