জাতীয়

বোয়িং থেকে উড়োজাহাজ কেনা প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বোয়িংয়ের উড়োজাহাজ পরিচালনা করায় দেশের পাইলট, প্রকৌশলী ও সাপোর্টিং স্টাফরা এ বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত। এ কারণেই নতুন উড়োজাহাজ কেনার ক্ষেত্রে বোয়িংয়ের প্রতি সরকারের বাড়তি আগ্রহ রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বোয়িং থেকে বিপুলসংখ্যক উড়োজাহাজ কেনার কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছে। তবে উড়োজাহাজ কেনার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে না। মূল্য পরিশোধ দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে হবে এবং উড়োজাহাজগুলোও দীর্ঘমেয়াদে দেশে আসবে।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় অর্থনৈতিক সংকট থাকলেও প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হয়। বোয়িংয়ের নতুন ক্রয়াদেশের কারণে অর্থনীতিতে তাৎক্ষণিক কোনো বিরূপ প্রভাব পড়বে না।

উপদেষ্টা বলেন, ‘যেহেতু দীর্ঘদিন থেকে আমরা বোয়িং অপারেট করি, বোয়িংয়ের যে পুরো সাপোর্টিং স্টাফ, সেটা আমাদের অনেকটা প্রস্তুত আছে, প্রশিক্ষিত আছে; সেই কারণেই আমাদের বোয়িংকে বেছে নেওয়ার প্রবণতা কিছুটা বেশি।’

ক্যাটাগরি