ব্যাংক-টু-ব্যাংক ডিজিটাল লেনদেনে নতুন ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নতুন ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার আওতায় বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের (এমডিআর) সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, এনপিএসবির মাধ্যমে পরিচালিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (POS) ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের বিদ্যমান সব শর্ত ও ফি বহাল থাকবে। তবে এনপিএসবির আওতায় বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।
তবে ডিজিটাল লেনদেনের প্রসার ও ব্যবহার বাড়ানোর লক্ষ্যে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ (পিএসডি-২)-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। https://drive.google.com/file/d/190vFItdDfcLsmf9Go87E_zv4-sv-GWjJ/view




