মাঝআকাশে সহকর্মীর ছুরিকাঘাত, ১৭৪ যাত্রীর জীবন বাঁচালেন ভারতীয় পাইলট

মাঝআকাশে সহকর্মী পাইলটের অতর্কিত হামলা ও ছুরিকাঘাতের পরও পরিস্থিতি সামলে ১৭৪ যাত্রীর জীবন রক্ষায় ভূমিকা রেখেছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ফ্লাইদুবাইয়ের দুবাই-তেল আবিবগামী একটি ফ্লাইটে ককপিটে এ হামলার ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইদুবাইয়ের ফ্লাইট এফজেড১০৭৩ বুধবার দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে উড্ডয়নের পর ককপিটে হামলার ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১৭৪ যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১৬৬ জনই ইসরায়েলি নাগরিক।
ফ্লাইট পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, ককপিটে সংঘর্ষের সময় বিমানটি দ্রুত উচ্চতা হারায়। পরে ক্রু ও যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন।
পরিস্থিতি সামাল দেওয়ার পর বিকল্প ক্রুদের মাধ্যমে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইদুবাই জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন। ঘটনার পর ইসরায়েলগামী ওই ফ্লাইটের যাত্রা সম্পন্ন করতে বিকল্প ব্যবস্থাও করা হয়েছে।
১৩ বছরের অভিজ্ঞ পাইলট স্মিত
ক্যাপ্টেন স্মিত মাচ্ছার দীর্ঘদিন ধরে বাণিজ্যিক বিমান চালনার সঙ্গে যুক্ত। বোয়িং ৭৩৭ উড়োজাহাজে তার ১৩ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে তার মোট উড্ডয়ন সময় ৯ হাজার ৭৫০ ঘণ্টার বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১১ সালে ভারতের বাজেট এয়ারলাইনস স্পাইসজেটে যোগ দিয়ে পেশাজীবন শুরু করেন স্মিত। সেখানে প্রায় এক দশক বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২২ সালের জুনে স্পাইসজেট ছেড়ে ডিরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন হিসেবে দুবাইভিত্তিক ফ্লাইদুবাইয়ে যোগ দেন।
পাইলট হওয়ার স্বপ্ন যেভাবে
পারিবারিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্মিত মাচ্ছারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যবসায় যুক্ত হওয়ার পরিকল্পনা ছিল। পড়াশোনা শেষে তিনি টেক্সটাইল ও ম্যানেজমেন্ট কোর্সও করেন।
তবে ১৯ বছর বয়সে একটি বিমান চলাচলবিষয়ক সেমিনারে অংশ নেওয়ার পর তার ক্যারিয়ারের লক্ষ্য বদলে যায়। পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে তিনি নিউজিল্যান্ডে বৈমানিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাণিজ্যিক পাইলট লাইসেন্স (সিপিএল) অর্জন করেন।
এরপর ভারতে ফিরে হরিয়ানার মানেসর/গুরগাঁওয়ের এফএসটিসিতে বোয়িং ৭৩৭ পরিচালনার জন্য প্রয়োজনীয় টাইপ রেটিং প্রশিক্ষণ সম্পন্ন করেন। পরে পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেন।
ফ্লাইদুবাই জানিয়েছে, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার কারণ বা উদ্দেশ্য নিয়ে আগাম কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য। ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।



