মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট। ব্যবহৃত ৩৪৩টি ব্যালটের সবগুলোই বৈধ ছিল।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। ১৯৯১ সালের পর একাধিক প্রার্থী না থাকায় পরবর্তী কয়েকটি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।
ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। গণনা কার্যক্রমের সময় নির্বাচন কমিশনের সদস্যদের পাশাপাশি চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। গণনা শেষে সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বিএনপির মহাসচিবের দায়িত্ব থেকে সরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফিনান্সিয়াল বার্তা/এইচ




