মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন নির্দেশনা বিআরটিএ

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
বিবৃতিতে বলা হয়, সরকার মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে।
এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করে বিআরটিএ। এ জন্য মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর নির্দেশ দেওয়া হয়। গত ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছিল।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।
বিআরটিএর নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।
স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব নম্বরপ্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেটে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করেছে বিআরটিএ।
নতুন সময়সীমা অনুযায়ী, নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।



