মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করলেও শনিবারের রাজকীয় নৈশভোজে ছিলেন না চীনা প্রেসিডেন্ট
ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া রাজকীয় নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। তবে শি জিনপিং কেন এতে অংশ নেননি, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
সম্মেলনের দিনের কর্মসূচি শেষে আগেই নিজ দেশে ফিরে যাওয়ায় নৈশভোজে উপস্থিত ছিলেন না আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদও।
তবে শি জিনপিংয়ের অনুপস্থিতি আলাদাভাবে নজর কেড়েছে। কারণ, নৈশভোজের আগে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। সাত বছর পর ভারতে সফরে এসে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া শির এ সফরকে ভারত-চীন সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একটি সূত্রের দাবি—বিশ্রামের জন্য হোটেলে ফিরে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে চীন বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। ফলে তার নৈশভোজে না যাওয়ার পেছনে নির্দিষ্ট কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের গান পরিবেশনও নৈশভোজে বিশেষভাবে আলোচনায় আসে।
১২ সেপ্টেম্বর শুরু হওয়া ১৮তম ব্রিকস সম্মেলন ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শেষ হচ্ছে। এবারের সম্মেলনে ব্রিকসের ১১ সদস্য দেশের পাশাপাশি অংশীদার দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। সম্মেলনের আলোচনায় বৈশ্বিক শাসনব্যবস্থা, বহুপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু গুরুত্ব পেয়েছে।



