আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে কানাডার পাল্টা শুল্ক

ডোনাল্ড ট্রাম্প ও মার্ক কার্নি। ছবি কোলাজ: এনডিটিভি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার ৮০০ কোটি কানাডিয়ান ডলার মূল্যের ৯০০ পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। পণ্যভেদে এ শুল্কের হার সর্বোচ্চ ৫০ শতাংশ হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কানাডার কর্মকর্তারা এ ঘোষণা দেন। নতুন শুল্ক আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর আওতায় ইস্পাত, অ্যালুমিনিয়াম, আসবাবপত্র, পোশাক, তাজা টুনা মাছ, প্রসাধনীসহ বিভিন্ন মার্কিন পণ্য থাকবে।

কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন এ পদক্ষেপকে ‘সমানুপাতিক’ ও ‘কৌশলগত’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কারণে কানাডা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়লেও দেশটি ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করবে।

কানাডার প্রকাশিত তালিকা অনুযায়ী, ইস্পাত, অ্যালুমিনিয়াম, প্রাকৃতিক মধু, আসবাবপত্র, পোশাক, মেকআপ ও পারফিউমের মতো পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে। ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, পনির ও সামুদ্রিক খাবারসহ কিছু পণ্যে ২৫ শতাংশ এবং নির্দিষ্ট যন্ত্রপাতিতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

কানাডা জানিয়েছে, দেশীয় ব্যবসা ও কর্মীদের ওপর প্রভাব কমাতে বিকল্প উৎস থেকে আমদানি করা সম্ভব—এমন পণ্যগুলোই মূলত পাল্টা শুল্কের তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্কে ক্ষতিগ্রস্ত কানাডীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তায় সরকার ৭৫০ কোটি কানাডিয়ান ডলার বরাদ্দ করবে।

এর আগে গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। এরপর শুক্রবার কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন।

কানাডার পাল্টা শুল্কের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস অভিযোগ করেছে, সাম্প্রতিক আলোচনায় কানাডাকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু কানাডা ‘অযৌক্তিক দাবি’ করে সেই সুযোগ নষ্ট করেছে।

ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডার কঠোর সমালোচনা করেছেন। তিনি দেশটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ‘কঠিন ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে আগামী ১ জানুয়ারি থেকে কানাডীয় গাড়ির ওপর মার্কিন শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার হুমকি দিয়েছেন।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি কানাডার শিল্পকে ধ্বংস করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

দুই দেশের পাল্টাপাল্টি শুল্কে উত্তর আমেরিকার বাণিজ্য সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। এর প্রভাব দুই দেশের ব্যবসা, সরবরাহব্যবস্থা ও ভোক্তা পর্যায়েও পড়তে পারে।

সূত্র: বিবিসি

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি