রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ আগামী নভেম্বর মাসে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রিত উপায়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এ অনুমোদনের ফলে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালুর সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে চুল্লিতে নিয়ন্ত্রিত ও স্থিতিশীলভাবে শক্তি উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ সফলভাবে শেষ হয়েছে। এ ছাড়া স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষাসংক্রান্ত জটিলতাও কাটিয়ে ওঠা গেছে।
প্রকল্পের পরবর্তী ধাপ ‘বি-২’। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লি প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি বা স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন। এ প্রক্রিয়ায় চুল্লির ভেতরে পরমাণুর বিভাজনের মাধ্যমে ধাপে ধাপে শক্তি উৎপাদন বাড়ানো হয়।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ কার্যক্রমও শুরু হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য এ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন এবং দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হওয়ায় রূপপুর প্রকল্পের পরবর্তী কার্যক্রম এগিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী নভেম্বরেই প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।



