শীতে প্রতিদিন গুড় খেলে কী কী উপকার মিলে

শীতকাল চলছে। এ সময় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে থাকে। ঠান্ডা আবহাওয়া বয়ে চলে। শরীরে তীব্র শীত অনুভব হয় বলে বিভিন্ন উপায়ে নিজেকে রক্ষা করা হয়। কিন্তু শরীরের ভেতর রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাহ্যিকভাবে সবসময় সম্ভব হয় না। এ জন্য খাদ্যতালিকায় সতর্ক থাকা উচিত।
শীতে রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি করা অপরিহার্য হয়ে উঠে। এ সমস্যায় অনেকেই গুড় বেছে নেন। এতে অবশ্য দুর্দান্ত ফল পাওয়া যায়। শীতের সময় গুড়ের চাহিদা থাকে। রকমারি পিঠা-পুলিসহ মিষ্টিজাতীয় খাবার তৈরি করা হয় গুড় দিয়ে। গুড়ের বিভিন্ন উপকারিতা থাকলেও এ ব্যাপারে খুব একটা জানা নেই সবার। এনডিটিভি গুড়ের উপকারিতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাহলে এর উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক-
উষ্ণতা ধরে রাখা: শীতে শরীরে উষ্ণতা ধরে রাখা অনেকটা যুদ্ধের মতো। এ জন্য বিভিন্ন ধরনের মোটা কাপড় পরা হয়। কিন্তু জানেন কি, গুড়ে বিদ্যমান প্রাকৃতিক উষ্ণতা বৃদ্ধির বৈশিষ্ট্য রয়েছে। যা শীতে শরীরের তাপ বজায় রাখতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, এই উষ্ণতা বৃদ্ধির প্রভাব কম তাপমাত্রায় মানুষকে অধিকতর শক্তিশালী ও আরামদায়ক বোধ করায়।
এছাড়া ক্লিনিক্যাল প্রমাণ রয়েছে, সকালে প্রথমেই গুড়ের শরবত পান করা হলে ঠান্ডা তাপমাত্রায় শরীরের তাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। হজমশক্তি বাড়াতে ও শরীর উষ্ণ রাখতে স্বাভাবিক খাদ্যাভ্যাসে, বিশেষ করে খাবার খাওয়ার পর অল্প পরিমাণ গুড় খেলে উপকার মিলে।
হজমে সহায়তা: খাবার খাওয়ার পর এক টুকরো গুড় খাওয়া হলে হজম প্রক্রিয়া দ্রুত এবং পেট ফাঁপা কমে। যা ভারতীয়দের একটি সাধারণ অভ্যাস। শীতে হজম প্রক্রিয়া ধীর হওয়ার কারণে অনেক ভারতীয় পরিবার শীতে অলসতা কাটানোর জন্য ছোট্ট এক টুকরো গুড় খেয়ে থাকেন। খাওয়ার পর মিষ্টির আকাঙ্ক্ষা মেটাতে এটি শুধু দুর্দান্ত উপায় নয়, বরং গুড়ের উপস্থিত প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থের মাধ্যমে শরীরকে অতিরিক্ত পুষ্টিও সরবরাহ করে।
রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এক টুকরো গুড়ে থাকা খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টি উপাদান শীতে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গুড়ে জিঙ্ক ও সেলেনিয়ামের মতো ক্ষুদ্র খনিজ পদার্থ থাকে, যা মৌসুমি সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষায় কাজ করে। শীতে স্বাভাবিকভাবে কাশি ও সর্দির ঝুঁকি থাকে, এ জন্য গুড় খাওয়া হলে বিরক্তিকর শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়। একইসঙ্গে মাথাব্যথা থেকেও মুক্তি দেয়।
শ্বাসনালী পরিষ্কার রাখে: শীতে প্রধান সমস্যা হয়ে উঠে শ্বাসনালীর ক্ষতির বিষয়টি। কর্কশ কাশি থেকে শুরু করে বুকব্যথা, মস্তিষ্কে কুয়াশা এবং এ কারণে মনোযোগে সমস্যাসহ নানা স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে গুড় কিছুটা স্বস্তি দিতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত গুড় খাওয়া হলে সুস্থ ব্যক্তিদের শ্বাসযন্ত্রের লক্ষণগুলো হ্রাস পায় এবং অভ্যন্তরীণ ফুসফুসের কার্যকারিতা উন্নত হয়।
আয়রনের প্রাকৃতিক উৎস: গবেষণায় দেখা গেছে, ২ মিলিগ্রাম আয়রনযুক্ত গুড় শরীরে শোষিত হলে আয়রনের ঘাটতিযুক্ত ব্যক্তিদের মধ্যে সঠিক আয়রনের মাত্রা বজায় রাখতে ভূমিকা রাখে। আয়রন শরীরে সুস্থ হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে অবদান রাখে।
প্রাকৃতিক শক্তি: গুড়কে বাজারে প্রচলিত পরিশোধিত চিনির থেকে ভালো বলে মনে করা হয়। কেননা, গুড়ের তুলনায় পরিশোধিত চিনিতে ক্যালোরি বেশি থাকে, ভিটামিন ও খনিজ পদার্থ খুব একটা থাকে না। গুড়ের পুষ্টি উপাদান শরীরে ধীরে ধীরে শক্তি নির্গত করে। গবেষণায় দেখা গেছে, গুড় ধীরে ধীরে হজম হয়, ফলে শরীরে ধীরে ধীরে শক্তি নির্গত হয়। বিপরীতে সাদা চিনি পরিশোধন প্রক্রিয়ায় তৈরি হয় বলে পুষ্টিগুণ হ্রাস করে।
প্রতিদিন কী পরিমাণ খাওয়া ঠিক: গুড় আর চিনি দুটিই মিষ্টিজাতীয়। তবে যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের গুড় খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সুস্থ ব্যক্তিরা পরিমিত পরিমাণে এবং সুষম খাদ্যের অংশ হিসেবে গুড় খেতে পারেন। গুড়ের পরিমাণ নির্ধারণের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কেননা, গুড়ের বিশুদ্ধতার ওপর নির্ভর করে এর পরিমাণ পরিবর্তন হয়ে থাকে। কিছু ক্ষেত্রে গুড় স্বাস্থ্যের জন্য ভালো।
গুড় খাওয়ার উপায়: শীতে নানাভাবে গুড় খেতে পারেন। তিলের লাড্ডুতে ব্যবহার করতে পারেন। বাদাম ভেজে তার সঙ্গে মিশিয়ে খেতে পারেন। ডালিয়ার সঙ্গে যোগ করতে পারেন। মাঝে মধ্যে চায়ের সঙ্গে যোগ করেও গুড় খেতে পারেন। এছাড়াও রকমারি খাবারের সঙ্গে যোগ করে গুড় খেতে পারেন।



