আন্তর্জাতিক

শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে যা বলল ভারত

সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টিকে আইনি ও কারিগরি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না, তা জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

এর আগে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের খবর প্রকাশিত হয়। গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠির বরাতে এ তথ্য জানা যায়। এতে শেখ হাসিনার জন্য নতুন ভ্রমণ ও পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের মুখপাত্র আরও বলেন, মানুষের ভ্রমণের জন্য স্বাভাবিকভাবেই ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। তাঁর ভাষায়, ‘আমি যতটুকু বুঝি, বিষয়টিও সে রকম। তবে এটি একটি কারিগরি বিষয়।’

বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা বা সমঝোতায় ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সর্বশেষ আলোচনার অগ্রগতি জানতে চাইলেও ভারতের মুখপাত্র একই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বিষয়টি আইনি এবং আইন অনুযায়ী এর সমাধান করা হবে।

এদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও বক্তব্য এসেছে। গত ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আবেদনটির সত্যতা ও আইনগত ভিত্তি যাচাই করছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং শেখ হাসিনার এসব নথি পাওয়ার আইনগত অধিকার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন পাসপোর্টের পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিই সরকারের বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। ২০২৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে।

ক্যাটাগরি