শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফের গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চাপে রাখেন হামজা চৌধুরীরা। ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়।
তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শমিত সোম। হামজা চৌধুরীর ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল চলে যায় শমিতের কাছে। তার প্রথম শট প্রতিহত হলেও ফিরতি শটে জালে বল পাঠান তিনি।
এরপরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। প্রথমার্ধের ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বল নিয়ে এগিয়ে যান তিনি। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলে নেওয়া তার শট গোলরক্ষক সুজন পেরেরার শরীরে লেগে জালে জড়ায়। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ফিরে আরও ভয়ংকর হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ৫৩তম মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে অসাধারণ একটি গোল করেন ফারহান আলী ওয়াহিদ। বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে ভেতরে ঢোকেন তিনি। এরপর একে একে তিনজন শ্রীলঙ্কান ফুটবলারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান এই তরুণ ফুটবলার।
ফারহানের এমন দুর্দান্ত গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। সতীর্থরাও তাকে অভিনন্দনে ভাসান। মাঠে দাঁড়িয়ে ফারহানের গোল দেখে বিস্ময় প্রকাশ করেন অধিনায়ক হামজা চৌধুরীও।
এরপর ম্যাচের শেষ দিকে বাংলাদেশের হয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। তার গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। নিজেদের মাঠে এমন দাপুটে জয় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।



