অর্থনীতি

সাইবার হামলার ঝুঁকি, সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ছবি: সংগৃহীত

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়। সেখানে জানানো হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ওয়েবসাইটের সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিগগিরই সেবা পুনরায় চালু করা হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

তবে ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়ে সাইবার হামলার ঝুঁকির কথা জানা গেলেও সম্ভাব্য হামলার ধরন কিংবা কোনো হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি ইন্টারনেটে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে কোনো সিস্টেমে প্রবেশ করে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় শনাক্ত হওয়া এসব ত্রুটি মোকাবিলায় বিশ্বজুড়ে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি সাইবার নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে ওয়েবসাইটটি পুনরায় চালুর নির্দিষ্ট সময় জানানো হয়নি।

ওয়েবসাইট চালু হলে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত অনলাইন তথ্য ও সেবা আবারও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ক্যাটাগরি