আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

হরমুজ প্রণালি।

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত এক সপ্তাহে এ নৌপথ দিয়ে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ। এ সময়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র ৭৭টি জাহাজ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জাহাজ চলাচল ও সামুদ্রিক কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে হরমুজ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ৪৫টি থেকে কমে ৩৩টিতে নেমেছে।

কেপলার জানায়, গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা ২৮টি জাহাজের মধ্যে ২১টি ইরানের নির্ধারণ করে দেওয়া নৌপথ ব্যবহার করেছে। এসব জাহাজ প্রচলিত নৌপথ এড়িয়ে বিকল্প রুটে চলাচল করেছে। এমনকি ৬ সেপ্টেম্বর হরমুজ অতিক্রম করা আটটি জাহাজের মধ্যে সাতটিই ইরানের নির্ধারিত পথ অনুসরণ করেছে।

কেপলারের মতে, পণ্যবাহী জাহাজের সংখ্যা কমে যাওয়া এবং ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহারের প্রবণতা তাৎপর্যপূর্ণ। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর চলমান যুদ্ধাবস্থার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বাণিজ্যেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

তবে গত সপ্তাহের শেষ দিকে দেখা দেওয়া এই প্রবণতা দীর্ঘস্থায়ী হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন বলে মনে করছে কেপলার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই তেহরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালিতে অস্থিরতার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। এরই মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম।

সূত্র: আলজাজিরা

ক্যাটাগরি