সারাদেশ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।

·পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেলটি রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করে। পরে জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি