আন্তর্জাতিক

ছয় মাসের সর্বোচ্চে বিশ্ববাজারে তেলের দাম, ব্রেন্ট ১১৭ ডলার ছাড়াল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১১৭ ডলার ছাড়িয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে—এমন আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।

বাজারের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে এই দাম ১১৮ ডলারেও পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ১২ ডলারে উঠেছে।

গত অক্টোবর মাসজুড়েও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। মাস শেষে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারকে ঘিরে একের পর এক ঘটনার কারণে সরবরাহ সংকটের আশঙ্কা আরও জোরালো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এক দিনেই সুপারট্যাংকারকে কেন্দ্র করে চারটি ঘটনা ঘটেছে।

আইআরজিসির দাবি, এসব ঘটনার মধ্যে দুটি ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যাটাগরি