বাংলা কিউআর ব্যবহারে ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন, স্মার্টফোন জয়ের সুযোগ

দেশব্যাপী বাংলা কিউআরের ব্যবহার জনপ্রিয় করতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ব্যবহার করে পণ্য বা সেবার মূল্য পরিশোধকারী ৫০ জন গ্রাহক এবং ৫০ জন মার্চেন্ট স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্যাংকের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। আগামী ২৩ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য হবে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহক ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করছে ইসলামী ব্যাংক। বাংলা কিউআরের ব্যবহার বাড়লে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা নিতে পারবেন। এতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার প্রক্রিয়া আরও গতিশীল হবে।
সভাপতির বক্তব্যে মো. আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করছে। ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বাংলা কিউআরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন জোন ও শাখার প্রধান এবং উপশাখার ইনচার্জরা অনলাইনে যুক্ত হন। ক্যাম্পেইন সফল করতে গ্রাহক, মার্চেন্ট ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
ফিনান্সিয়াল বার্তা/এইচ




