রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আজ, বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। ক্ষমতাসীন বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আজ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতাদের বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে মন্ত্রিসভার শীর্ষ সদস্যরাও উপস্থিত থাকবেন। বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এরপর দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দেবে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়ার পাশাপাশি প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়ন ফরম জমা দেওয়ার প্রস্তুতিও সম্পন্ন করা হবে। মির্জা ফখরুল প্রার্থী হলে তাঁর বর্তমান মন্ত্রণালয় ও বিএনপির মহাসচিবের দায়িত্বে পরবর্তী সময়ে কাকে আনা হবে, তা নিয়েও আলোচনা হতে পারে।
মনোনয়ন জমা ও ভোটের সময়সূচি
নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট হবে। রাষ্ট্রপতি নির্বাচনে শুধু সংসদ সদস্যরা ভোট দেন। ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকবে এবং সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে নির্ধারিত বাক্সে ব্যালট জমা দেবেন।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোট গ্রহণের শুরুতে সরাসরি সম্প্রচার করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোট গণনার পর প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করবেন।
বিএনপির প্রার্থীই কি নিশ্চিত?
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ৬ আগস্ট তপশিল ঘোষণা করে ইসি। আগামী ২০ আগস্ট ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফলে আজ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে তিনিই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন সমীকরণই তৈরি হবে।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, রাষ্ট্রপতি পদে যোগ্য, প্রাজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত এবং সেই বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে রয়েছেন।




