আমরা নেটওয়ার্কসের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৮০ পয়সা লোকসান হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে আমরা নেটওয়ার্কসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০ পয়সা। আগের হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৩ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।



