শেয়ার বাজার

লভ্যাংশের অর্থ জমা ও প্রত্যয়নপত্রে অনিয়ম, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের মাধ্যমে সত্যায়ন নিশ্চিত না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কমিশন।

বিএসইসির বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করলে পরিচালনা পর্ষদকে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ বিতরণের উদ্দেশ্যে এজিএমের অন্তত এক দিন আগে একটি পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। একই সঙ্গে অর্থ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয়।

সংগৃহীত প্রত্যয়নপত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের মাধ্যমে সত্যায়িত করে এজিএমে উপস্থাপন করতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোতেও তা দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে।

তবে সম্প্রতি কিছু কোম্পানির ক্ষেত্রে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এজিএমে লভ্যাংশের প্রস্তাব উপস্থাপনে নতুন শর্ত

এ ছাড়া বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব উপস্থাপনের আগে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ ও সভায় উপস্থাপন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব শর্ত পূরণ না করে কোনো কোম্পানি এজিএমে লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করতে পারবে না। এ জন্য বিদ্যমান নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছে বিএসইসি।

কমিশনের এ সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ বিতরণসংক্রান্ত বিধিবিধান পরিপালন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার তদারকি আরও জোরদার হবে।

ক্যাটাগরি