শেয়ার বাজার

এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা, এজিএম ২৮ ডিসেম্বর

ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে তালিকাভুক্ত এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। তবে সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫৯ পয়সা।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ হিসাববছরে এসিআইয়ের সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫৯ পয়সা। আগের হিসাববছরে এ লোকসানের পরিমাণ ছিল ৭ টাকা ৪০ পয়সা।

অন্যদিকে, এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ টাকা ১৭ পয়সা। আগের হিসাববছরে এককভাবে শেয়ারপ্রতি আয় ছিল ৪৫ টাকা ৫২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

ক্যাটাগরি