শিক্ষা

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন

ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর নতুন করে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে মোট কত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখতে পারছে। একই সঙ্গে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে পর্যায়ক্রমে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্নিরীক্ষণের পর কত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে এবং কোন গ্রেডে কতজনের পরিবর্তন এসেছে—এসব তথ্যসহ বিস্তারিত ফলাফলের সারসংক্ষেপ শিগগিরই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

যেভাবে ফল জানা যাবে

বাংলাদেশের ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা তিনভাবে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবে।

প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।

দ্বিতীয়ত, সব শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল একসঙ্গে দেখা যাবে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনকারীরা তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে।

তৃতীয়ত, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল, সেই নম্বরে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সংশোধিত ফলাফল জানিয়ে দেওয়া হবে।

পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তারা ওয়েবসাইট ও এসএমএস—উভয় মাধ্যমেই সংশোধিত ফলাফল জানতে পারবে।

ক্যাটাগরি