সারাদেশ

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

কুমিল্লা রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বাসিন্দা মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন।

নিহত জোৎস্না বেগমের ভাতিজি জোহরা আক্তার জানান, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তাঁর ফুফু। ডাক্তার দেখানো শেষে বাসস্টেশনে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় দাদি ও নাতনি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর লাকসাম রেলওয়ে থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি