আন্তর্জাতিক

কুয়েত-জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি, ড্রোন ভূপাতিতেরও ঘোষণা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও দেশটির সেনাবাহিনী দাবি করেছে, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তেহরান।

আইআরজিসির দাবি, কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সি-র‍্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এবং সেনা সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার স্টেশন, যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি সংরক্ষণাগারে আত্মঘাতী ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে ইরান।

ইরানি কর্তৃপক্ষের ভাষ্য, তাদের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। পাকদাশত এলাকায় ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করে আইআরজিসি জানিয়েছে, সেখানে শোনা বিস্ফোরণের শব্দ ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ফল।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র লক্ষ্য করে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে। বন্দর আব্বাস, রাসক, কোনারাক, আহভাজ ও কেশম দ্বীপের আশপাশে এসব হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।

তবে উভয় পক্ষের এসব হামলা ও ক্ষয়ক্ষতির দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্র: আল মায়াদিন

ক্যাটাগরি