আন্তর্জাতিক

কেন ইরানে সামরিক অভিযান থামাল যুক্তরাষ্ট্র? কারণ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পুনরায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করেছে। এ কারণেই দেশটিতে মার্কিন সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে ‘খুব ভদ্রভাবে’ অভিযান বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, “তারা বলেছে, ‘দয়া করে অভিযান থামান, আসুন সাক্ষাৎ করি।’ এখন আমরা দেখব কী হয়। যদি কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে।”

জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

টানা ১৩ দিনের পাল্টাপাল্টি অভিযানের পর ২৫ জুলাই সেন্টকম সামরিক অভিযান স্থগিত করে। এরপর থেকে ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।

এর আগে ইরানের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক প্রতিক্রিয়া স্থগিত রাখবে। তবে ট্রাম্পের মন্তব্যের বিপরীতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দুই দিন আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি সংলাপ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।

ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হলেও, তেহরানের আনুষ্ঠানিক অবস্থান এখনও সতর্ক ও সংযত।

সূত্র : সিএনএন

ক্যাটাগরি