ব্যাংক বীমা

খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব সাউথইস্ট ব্যাংকের

সংগৃহীত ছবি

ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলনে ঋণ আদায়, রিটেইল ব্যাংকিং সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে জোর

সাউথইস্ট ব্যাংক পিএলসির ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জন, খেলাপি ঋণ আদায়, রিটেইল ব্যাংকিং সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে অনুমোদিত বাজেটের আলোকে জুন ২০২৬ পর্যন্ত ব্যাংকের ব্যবসায়িক অবস্থান ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। আলোচনায় বাজেট অর্জনের অগ্রগতি, খেলাপি ঋণ আদায়ের বর্তমান অবস্থা ও কৌশল, ঋণ আদায়ের পরিকল্পনা এবং শাখাভিত্তিক লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে রিটেইল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে হোম লোন, পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ডের পোর্টফোলিও সম্প্রসারণ এবং নতুন ও সম্ভাবনাময় গ্রাহক সেগমেন্ট চিহ্নিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। এ লক্ষ্যে শাখা ব্যবস্থাপকদের বাস্তবসম্মত ঋণ আদায় পরিকল্পনা বাস্তবায়ন, ঋণগ্রহীতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ও সময়োপযোগী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালনের মাধ্যমে কমপ্লায়েন্সভিত্তিক ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং রিটেইল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণে নতুন গ্রাহক সেগমেন্ট চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বাজেট ঘাটতি পূরণ, খেলাপি ও অনাদায়ী ঋণ আদায় কার্যক্রম জোরদার, রিটেইল ব্যাংকিংয়ের পরিধি বাড়ানো এবং স্থিতিশীল ও স্বল্পমূল্যের আমানতের ভিত্তি শক্তিশালী করার ওপর ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সমাপনী বক্তব্যে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী ব্যাংকের লক্ষ্য ও কৌশলগত উদ্দেশ্য অর্জনে আন্তরিকতা, উদ্ভাবনী চিন্তা, পেশাদারত্ব ও জবাবদিহিতার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্যাটাগরি