পুনর্নিরীক্ষণে ফল বদলেছে? একাদশে ভর্তির আবেদন-সংশোধনের সুযোগ

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের নতুন ফল একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের পোর্টালে যুক্ত করা হয়েছে। ফলে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা এখন নতুন করে একাদশে ভর্তির আবেদন করতে পারবে। যারা এরই মধ্যে আবেদন করেছে, তারাও প্রয়োজন অনুযায়ী আবেদন সংশোধন করতে পারবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণির ভর্তির অনলাইন পোর্টালে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত ফলাফলগুলো আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে, তারা আগে আবেদন না করে থাকলে নতুন করে আবেদন করতে পারবে। আর যারা ইতোমধ্যে আবেদন করেছে, তারা নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবে।
আবেদনের শেষ সময় ১৩ সেপ্টেম্বর
একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত চলবে। যারা ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেনি, তারাও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবে।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবে।
এ ছাড়া ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তিচ্ছুরা তাদের দেওয়া কলেজের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।
ভর্তি কার্যক্রমের গুরুত্বপূর্ণ সময়সূচি
- অনলাইন আবেদন ও আবেদন সংশোধনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর রাত ৮টা
- কলেজে শিক্ষার্থী নির্বাচনের ফল প্রকাশ: ১৬ সেপ্টেম্বর রাত ৮টা
- ভর্তি নিশ্চয়নের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর রাত ৮টা
- মাইগ্রেশনের ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর রাত ৮টা
- একাদশ শ্রেণিতে ভর্তি: ২০ থেকে ২২ সেপ্টেম্বর
- একাদশ শ্রেণির ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর
নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
তাই পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন ফল যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে একাদশ শ্রেণির ভর্তি পোর্টালে আবেদন বা আগের আবেদন সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



