প্রাথমিকের শিক্ষকদের উপর পুলিশি হামলা কোনভাবেই সমর্থন করা যায় না: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ আজ (৮ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, “আজ বিকালে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপরে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে গরম পানিও ছোড়ার যে ঘটনা ঘটেছে তা সমর্থন করা যায় না। শিক্ষকদের ওপরে হামলা সমর্থন না করার কারণ ব্যাখ্যা করা বাহুল্য। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমাদের দেশের শিক্ষকগণ প্রায়শই হামলার শিকার হন। জুলাই গণঅভ্যুত্থানের পরে এই পরিস্থিতি বদলানোর প্রত্যাশা ছিলো; কিন্তু আমাদের আবারো হতাশ হতে হলো।”
মাওলানা ইউনুস আহমদ বলেন, ” বেতন ১০ম গ্রেডে দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের যে দাবী শিক্ষকগণ করেছেন তা অযৌক্তিক না। দেশের নানাখাতে হাজার কোটি টাকা ব্যয় হলেও আমাদের শিক্ষাখাতকে অবহেলিত করেই রাখা হয়েছে। সেজন্য শিক্ষকদের মাঝেমধ্যেই রাজপথে অবস্থান নিতে হয়। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে শিক্ষকদের দাবী করতে হবে না বরং রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে শিক্ষকদের স্বার্থ রক্ষা করবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, “নাগরিকদের যে কোন দাবীকে সহনশীলতার সাথে সমাধা করুন। দাবী আদায়ে রাজপথ না বরং আলোচনার টেবিলকে কার্যকর করে তুলুন।”
মাওলানা ইউনুস আহমদ আরও বলেন, ” আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। তাদের সাথে কোন ধরণের পুলিশি হয়রানীমূলক আচরণ করা যাবে না।”
উল্লেখ্য যে, প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে শিক্ষকরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।
পুলিশি বাধায় কয়েকজন শিক্ষক আহত হন, পুলিশ কয়েকজনকে আটক করেছে। এছাড়া শতাধিক শিক্ষক আহত হয়েছেন শিক্ষকরা জানিয়েছেন।



