ফরিদপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, টাকা গোনার ভিডিও ভাইরাল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অফিসে বসে টাকা গোনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রোববার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ অফিসের চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন। ভিডিওতে তাঁকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে বলতে শোনা যায়, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।”
তবে অভিযোগ অস্বীকার করে ইমরান শেখ দাবি করেছেন, ভিডিওতে দেখা টাকা ঘুষের নয়; এটি তাঁর ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার দৃশ্য। তিনি বলেন, অনেকেই তাঁর কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা ধার নেন এবং পরে তা পরিশোধ করেন। তবে ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় বা কাকে তিনি টাকা ধার দিয়েছিলেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।
এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগেও দায়িত্বস্থলে অনুপস্থিত থাকায় ইমরান শেখকে শোকজ করা হয়েছিল। তিনি বলেন, ভিডিও ও অভিযোগ তদন্ত করে ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




