বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান কেক কাটার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান এফসিএ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলম। এ ছাড়া ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান বাংলাদেশ কমার্স ব্যাংকের দীর্ঘ পথচলার বিভিন্ন সফলতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই সঙ্গে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য দিকনির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষ থেকে সব গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।
ফিন্যান্সিয়াল বার্তা/বি ইউ



