জাতীয়

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির এক ইউনিট, বিদ্যুৎ সরবরাহে কী প্রভাব পড়বে?

ছবি: সংগৃহীত
ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটি বন্ধ রাখা হবে। এতে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতার অর্ধেক সাময়িকভাবে বন্ধ থাকবে।

আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট। অর্থাৎ, দুটি ইউনিট মিলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট।

রক্ষণাবেক্ষণের সময় একটি ইউনিট বন্ধ থাকলেও অপর ৮০০ মেগাওয়াট সক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে। আগামী ১৮ ডিসেম্বর রক্ষণাবেক্ষণ শেষে বন্ধ ইউনিটটি আবার উৎপাদনে ফিরবে।

আদানি পাওয়ারের এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ কারণে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে এ কার্যক্রমের জন্য সময় নিয়েছে প্রতিষ্ঠানটি।

পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। এ সময় আদানি পাওয়ার বাংলাদেশে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। একই দিন বেলা ১টায় কেন্দ্রটি থেকে সরবরাহ করা হয় ৯২৭ মেগাওয়াট। ওই সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীত মৌসুম শুরু হওয়ায় বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম। ফলে আদানির একটি ইউনিট ২৫ দিন বন্ধ থাকলেও আপাতত বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছে পিডিবি।

তবে শীত শেষে বিদ্যুতের চাহিদা বাড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে উৎপাদন ঘাটতি দেখা দিলে লোডশেডিং বাড়ার আশঙ্কাও রয়েছে।

ক্যাটাগরি