শেখ হাসিনার বক্তব্যের অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই: দিল্লি

নয়াদিল্লিতে একটি বেসরকারি অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারতের সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং সেখানে প্রকাশিত কোনো বক্তব্য বা মতামতও তারা সমর্থন করে না।
মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না দেওয়ার অনুরোধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, সংশ্লিষ্ট অনুষ্ঠানটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং সেখানে প্রকাশিত কোনো বক্তব্যের দায়ও সরকার বহন করে না।
এদিকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ প্রসঙ্গে জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, এটি প্রচলিত কূটনৈতিক রীতির অংশ এবং একইভাবে অঞ্চলের অন্যান্য নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।




