ব্যাংক বীমা

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত: আজ আবেদনের শেষ দিন, কাল থেকে টাকা উত্তোলন

ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকা ফেরত নেওয়ার আবেদন গ্রহণের শেষ দিন আজ রোববার (৬ সেপ্টেম্বর)। আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে গ্রাহকদের আমানতের মূল টাকা (প্রিন্সিপাল অ্যামাউন্ট) ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, টাকা উত্তোলনের জন্য গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় আবেদন জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই টাকা ফেরত দেওয়া হবে।

প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীরা টাকা উত্তোলনের আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা এককালীন উত্তোলন বা নগদায়নের সুযোগ দেওয়া হবে।

আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের হিসাবের ব্যক্তি আমানতকারীরা এই সুবিধা পাবেন। তবে এককালীনভাবে মূল টাকা উত্তোলন করলে এর বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়া যাবে। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে গ্রাহকরা মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ পাবেন।

এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলনসংক্রান্ত সার্কুলার জারি করে।

একীভূত হওয়া পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা আমানত রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এসব ব্যাংকের মোট ঋণের প্রায় ৮৬ শতাংশ খেলাপি।

২০২৫ সালের নভেম্বরে সরকারি মালিকানায় যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি