রাজনীতি

১০০ জনের বেশি অতিথি হলে কর, সংসদে নতুন প্রস্তাব বিএনপি এমপির

বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে অপচয় কমাতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা করে ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।

শাহাদাত হোসেন বলেন, দেশে বিশেষ করে বিয়ে-শাদিতে বিত্তশালীদের অতিরিক্ত জাঁকজমক ও অর্থের অপচয় উদ্বেগজনক। গায়ে হলুদসহ বিভিন্ন অনুষ্ঠানের নাচ-গানের মহড়া, অতিরিক্ত খাবারের আয়োজন এবং বিপুল অপচয় সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর।

তিনি জানান, আগে দেশে ১০০ জনের বেশি অতিথি হলে বিশেষ কর আরোপের একটি আইন ছিল। বর্তমান পরিস্থিতিতে সেই ধরনের ব্যবস্থা পুনরায় চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য ১ হাজার টাকা কর নির্ধারণ করা যেতে পারে।

তার দাবি, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে অপ্রয়োজনীয় অপচয় ও আড়ম্বর কমানো সম্ভব হবে। এতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপও কমবে এবং মূল্যস্ফীতির ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্যাটাগরি