১৬ বছরের কম বয়সীদের জন্য ৫০টির বেশি নিরাপত্তা ফিচার চালু করেছে টিকটক

বিশ্বজুড়ে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ৫০টিরও বেশি নিরাপত্তা ব্যবস্থা চালুর কথা জানিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।
মঙ্গলবার (১৪ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টিকটকের নীতিবিষয়ক প্রধান আলি ল বলেন, কিশোর ব্যবহারকারীদের নিরাপদ রাখতে প্ল্যাটফর্মে একাধিক সুরক্ষা ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক ঘণ্টা ব্যবহার শেষে স্ক্রিন টাইম কমানোর সতর্কবার্তা, রাত ১০টার পর বিরতি নেওয়ার পরামর্শ এবং বয়সভিত্তিক নিরাপত্তা নিয়ন্ত্রণ।
এ ছাড়া ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সরাসরি (ডাইরেক্ট) মেসেজ পাঠানোর সুবিধা সীমিত করা হয়েছে। একই সঙ্গে ১৮ বছরের কম বয়সীরা টিকটক শপে পণ্য বিক্রি করতে পারবেন না।
এদিকে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও কঠোর নীতিমালা আনার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বয়সসীমা নির্ধারণসহ নতুন কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনা চলছে। ইইউর অভিযোগ, টিকটকের অসীম স্ক্রল (ইনফিনিট স্ক্রল), অটোপ্লে এবং ঘন ঘন নোটিফিকেশনের মতো ফিচার ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখে।
তবে টিকটকের দাবি, তরুণ ব্যবহারকারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলাই তাদের অগ্রাধিকার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু গত বছরই অনলাইন নিরাপত্তা জোরদারে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।
শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় অস্ট্রেলিয়ার পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রিস ও স্পেনও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে।




