রাজনীতি

৭ নভেম্বর জাতীয় সংহতির মাধ্যমে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল: এ্যাড: রুহুল কবির রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “৭ নভেম্বর জাতীয় সংহতির মাধ্যমে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আত্মপরিচয়ের সংকট থেকে জাতিকে মুক্ত করেছিলেন।”

‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫’ উপলক্ষে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) সেমিনার হলে এ সভার আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় সংহতির মাধ্যমে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল। হাসিনা সরকার জিয়াউর রহমানের অবদান অস্বীকার করার চেষ্টা করলেও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ তারই প্রতিষ্ঠিত আদর্শ, যা এখনো টিকে আছে।

সাবেক সাংসদ এ্যাব’র আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন, পিইঞ্জ., সাবেক সচিব, আইইবি’র সাবেক প্রেসিডেন্ট ও এ্যাব-এর ভারপ্রাপ্ত সভাপতি; অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক, বিএনপি মিডিয়া সেল; প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিএনপি; এবং আতিকুর রহমান রুমন, আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী কাজী আবুল কাশেম, সদস্য, আহ্বায়ক কমিটি ও আয়োজক কমিটির আহ্বায়ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয় এবং প্রকৌশলী শফিউল আজম ফাহিম।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকৌশলীদের সম্মান করতেন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের মেধা ও দক্ষতাকে যথাযথভাবে কাজে লাগিয়েছিলেন।”

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর বলেন, ” বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানবিক মূল্যবোধের দল। ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস দেশের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠার প্রতীক।”

সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশে স্বাধীনতা আসত কি না, তা নিয়েই প্রশ্ন থেকে যায়। তিনি দেশ ও জাতির জন্য নিজের পরিবারকেও ত্যাগ করেছেন।”

আলোচনা সভায় এ্যাব’র উপদেষ্টা মন্ডলী এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও সারা দেশ থেকে আগত মহান জাতীয়তাবাদী আদর্শের প্রকৌশলীবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি