ব্যাংক বীমা

জনতা ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা, বেড়েছে আমানত ও গ্রাহক

জনতা ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান।

সভায় জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা। এক বছরে ব্যাংকটির নতুন গ্রাহক যুক্ত হয়েছে প্রায় ১০ লাখ।

একই সময়ে ব্যাংকের ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ১১৯ কোটি টাকা। কৃষি, সিএমএসএমই, স্বল্পমেয়াদি ও তুলনামূলক কম ঝুঁকির খাতসহ সরকারের অগ্রাধিকার খাতে ঋণ বিতরণ অব্যাহত রেখেছে ব্যাংকটি।

ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সভায় জানানো হয়, আমদানি, রপ্তানি ও বৈদেশিক রেমিট্যান্সের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের হার যথাক্রমে প্রায় ১১৪ শতাংশ, ৮৮ শতাংশ ও ১০৪ শতাংশ।

শ্রেণিকৃত ঋণ আদায়েও অগ্রগতি হয়েছে। ২০২৫ সালে শ্রেণিকৃত ঋণ থেকে ৬১৪ কোটি টাকা নগদ আদায় করেছে ব্যাংকটি। একই সময়ে লোকসানি শাখার সংখ্যা ৩৮টি থেকে কমে ১৮টিতে নেমে এসেছে। বছর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৯৪ কোটি টাকা।

আধুনিক ব্যাংকিং সেবায় জোর

সভায় ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে জনতা ব্যাংক ডুয়েল কারেন্সি ভিসা ডেবিট কার্ড, টাকা পে ডেবিট কার্ড, বাংলা কিউআর এবং নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’ চালু করেছে।

তিনি জানান, ‘জনতা পে’ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে প্রথম পুরস্কার পেয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের চারটি শাখা গত বছর সর্বোচ্চ ১৮৭ কোটি টাকা মুনাফা করেছে। ইতালিতে অবস্থিত জনতা এক্সচেঞ্জ (জেইসি) এসআরএল-এ এজেন্সি অপারেশনও চালু করা হয়েছে।

সরকারি কোষাগারে ২ হাজার ২২৭ কোটি টাকা

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান জানান, ২০২৫ সালে জনতা ব্যাংক করপোরেট আয়কর বাবদ ৭২৪ কোটি টাকা এবং উৎসে কর, ভ্যাট ও আবগারি শুল্ক বাবদ সরকারি কোষাগারে ২ হাজার ২২৭ কোটি টাকা জমা দিয়েছে।

এজিএমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, ব্যাংকের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি