সারাদেশ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে সাতজন নিহত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহণের একটি বাস দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে বাসটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে এবং তাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

ক্যাটাগরি