অর্থনীতি

ঋণখেলাপি বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

ঋণখেলাপি হওয়া সত্ত্বেও বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজিকে বিশেষ ব্যাংকিং সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি, ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির অনুকূলে ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ঋণখেলাপি হওয়া সত্ত্বেও সোনালী ব্যাংকে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা নবায়নের ক্ষেত্রে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা কার্যকর হবে না। রাষ্ট্রীয় স্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট পৃথক নির্দেশনার মাধ্যমে শতভাগ মার্জিনের বিপরীতে শাইনপুকুর সিরামিকসের ঋণপত্র খোলার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে শতভাগ মার্জিনের বিপরীতে ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির অনুকূলে ঋণপত্র খোলার অনুমতি দেওয়া হয়েছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি এ সুবিধা পাবে।

বিশেষ ব্যাংকিং সুবিধা দেওয়ার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের জন্য দুটি শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথমত, এ সুবিধার কারণে সরকারের ওপর কোনো দায় সৃষ্টি করা যাবে না। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানগুলোর সব আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে পাওনাদারদের পাওনা আনুপাতিক হারে পরিশোধ করা হবে।

ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারায় ঋণখেলাপি প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ ব্যাংক শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য ওই ধারা কার্যকর না রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেক্সিমকো গ্রুপের এই দুই প্রতিষ্ঠান ছাড়াও সম্প্রতি আরও কয়েকটি ঋণখেলাপি প্রতিষ্ঠানকে একই ধরনের বিশেষ ব্যাংকিং সুবিধা দেওয়া হয়েছে।

ক্যাটাগরি