আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের পাশে কমিউনিটি ব্যাংক

বিজ্ঞানচর্চা ও মেধার বিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিয়েছে ব্যাংকটি।
১২ অক্টোবর রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।
আগামী ২ থেকে ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই এ অনুদান দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের স্কুলশিক্ষার্থীদের জন্য বিজ্ঞানভিত্তিক একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা বিজ্ঞানে নিজেদের জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি এবং তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এ উদ্যোগের অংশ হতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ করে দিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মিসেস শামীম সুলতানা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে কমিউনিটি ব্যাংককে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আহম্মদ মঈদ, বিপিএম (সেবা)।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি জানিয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় শিক্ষা, বিজ্ঞানচর্চা, মেধার বিকাশ ও জনকল্যাণমূলক উদ্যোগে অবদান রাখতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মের সম্ভাবনা বিকাশ এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক উদ্যোগের মাধ্যমে দায়িত্বশীল প্রাতিষ্ঠানিক ভূমিকা পালনে কাজ করছে ব্যাংকটি।



