সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি: দাম্মামের ফ্লাইট ৩ দিন, রিয়াদের ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সিদ্ধান্ত অনুযায়ী, দাম্মামগামী ফ্লাইট ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। অন্যদিকে, চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
দাম্মাম ও রিয়াদগামী যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিকল্প পথে সৌদি আরব যেতে আগ্রহীদের টিকিট, আসনপ্রাপ্যতা ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে হবে।
স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।



