টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের ৬ থেকে ৭টি শিল্পকারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মহাসড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সরে যান। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।



