জাতীয়

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন আমিরাতের প্রধানমন্ত্রী

দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের প্রধানমন্ত্রী।

রোববার (২৯ নভেম্বর) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আমন্ত্রণবার্তায় আমিরাতের প্রধানমন্ত্রী বলেন, মানবজাতির জন্য একটি সুন্দর ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকার গঠন’। বিশ্বজুড়ে পরিবর্তিত পরিস্থিতিতে কার্যকর শাসনব্যবস্থা, নীতিগত উদ্ভাবন এবং উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।

আন্তর্জাতিক এ আয়োজনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, উন্নয়ন পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হয়।

আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সব মিলিয়ে ওই আয়োজনে ছয় হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কূটনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ এবং বৈশ্বিক নীতিনির্ধারণী আলোচনায় বাংলাদেশের সম্পৃক্ততার একটি সম্ভাব্য ক্ষেত্র তৈরি করেছে।

ক্যাটাগরি