জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠেছে— ঠিক সময়ে নির্বাচন হবে তো? কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো অবস্থা যেন না তৈরি হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
রোববার (২ নভেম্বর) গুলশানের লেকশোর হোটেলে বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।
আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘শিগগিরই বিএনপি ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে। আর দল যাকে প্রার্থী ঘোষণা করবে, ব্যক্তিগত রেষারেষি ভুলে তাকে মেনে নিতে হবে। দেশের স্বার্থে দলের সিদ্ধান্তই সর্বাগ্রে বিবেচ্য।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয়, দেশ এবং জনগণের জন্য মাদার অব ডেমোক্রেসির অবদান প্রশ্নবিদ্ধ হয়, আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না। সারাদেশে বিএনপির লাখো-কোটি সমর্থক বিব্রত হয়, আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক কৌশল আর অপকৌশলের পার্থক্য যদি আমরা না বুঝি, তাহলে কোনো না কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণের ঝুঁকি থেকেই যায়। তাই দেশের সব গণতান্ত্রিক দলকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির পাশে ছিল, সেই দলগুলোর প্রার্থীদেরও কিছু আসনে সমর্থন দেওয়া হবে।
বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশি-বিদেশি ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘জনগণের অটুট আস্থা ও গণতন্ত্রকামী মানুষের সমর্থনই বিএনপির সবচেয়ে বড় শক্তি। এই বিশ্বাসই যুগের পর যুগ বিএনপিকে টিকিয়ে রেখেছে, জনপ্রিয়তার ধারায় রেখেছে’।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারির সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান প্রমূখ বক্তব্য রাথেন।



