জানা গেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। সোমবার (১২ অক্টোবর) আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই নির্দিষ্ট তারিখের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয় এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।



