ডিজেলের দাম রেকর্ড, রপ্তানি বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি সীমিত বা বন্ধ করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোকে জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা ও ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে ওঠার মধ্যে এমন পদক্ষেপের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইউরোপীয় দেশগুলোকে অবিলম্বে মজুত থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধির পুরো চাপ ‘আমেরিকান কৃষক, ট্রাকচালক ও ব্যবসায়ীদের’ বহন করতে দেওয়া উচিত নয়।
ট্রাম্প বলেছেন, ইউরোপীয় দেশগুলোকে তাদের মজুতের কিছু ডিজেল ছাড়তে বলা হতে পারে। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি বন্ধের বিষয়টি ‘খুব গুরুত্বের সঙ্গে’ বিবেচনার কথা জানিয়েছিলেন। সম্ভাব্য এই নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে জরুরি আলোচনা শুরু হয়েছে।
ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি পরিবহনে বিঘ্নের কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও ডিজেলের সরবরাহ সংকুচিত হয়েছে। এর পাশাপাশি রাশিয়ার জ্বালানি সরবরাহেও নানা বিধিনিষেধ ও রিফাইনারিতে হামলার প্রভাব পড়েছে। ফলে ডিজেলের বৈশ্বিক বাজারে বাড়ছে সরবরাহের চাপ ও মূল্য।
যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বড় ডিজেল রপ্তানিকারক। চলতি বছর দেশটি প্রতিদিন প্রায় ১৫ লাখ ব্যারেল ডিজেল রপ্তানি করছে বলে সংশ্লিষ্ট বিশ্লেষকদের উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র রপ্তানি কমিয়ে দিলে শুধু মার্কিন বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও সরবরাহের ওপর চাপ বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রে ডিজেলের দামও রেকর্ড পর্যায়ে উঠেছে। সম্প্রতি প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলারের ওপরে উঠেছে। উচ্চ জ্বালানি মূল্য যুক্তরাষ্ট্রের কৃষি, পরিবহন ও পণ্য সরবরাহ ব্যবস্থায় বাড়তি ব্যয় তৈরি করছে।
বৃহস্পতিবার ইউরোপীয় দেশগুলোকে জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার আহ্বান জানান অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, ইউরোপের অংশীদারদের বিদ্যমান সরবরাহ প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি চলমান সরবরাহব্যবস্থার বিঘ্ন মোকাবিলায় অতিরিক্ত সরবরাহ অবিলম্বে বাজারে আনা উচিত।
যুক্তরাষ্ট্রের এই আহ্বানের পর ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট দেশগুলোতে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স, জার্মানি, ইতালি, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি নিয়ে সমন্বিত পদক্ষেপের বিষয়ে আলোচনা করেছে।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, জি-৭ দেশগুলো চার মাসে জরুরি মজুত থেকে মোট ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। সরবরাহ বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাজ্য। দেশটি ডিজেলের জন্য উল্লেখযোগ্যভাবে আমদানির ওপর নির্ভরশীল।
যুক্তরাজ্যে ডিজেলের দাম ইতোমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আরএসি’র সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ অক্টোবর প্রতি লিটার ডিজেলের গড় দাম ২০০ দশমিক ০১ পেন্সে উঠেছে। প্রথমবারের মতো দেশটিতে গড় ডিজেল মূল্য লিটারপ্রতি ২ পাউন্ড ছাড়িয়েছে।
এর একদিন আগে দাম ছিল ১৯৯ দশমিক ৭৯ পেন্স। ফেব্রুয়ারির শেষের তুলনায় ৫৫ লিটারের একটি গাড়ির ট্যাংক পূরণে এখন প্রায় ৩১ দশমিক ৭০ পাউন্ড বেশি খরচ হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ আরও কমে যেতে পারে। এতে ইউরোপসহ ডিজেল আমদানিনির্ভর দেশগুলোতে দাম বাড়ার ঝুঁকি রয়েছে।
ডিজেল শুধু ব্যক্তিগত গাড়িতে ব্যবহৃত হয় না। ট্রাক, কৃষিযন্ত্র, নির্মাণযন্ত্র, জাহাজ, পণ্যবাহী ট্রেন এবং বিভিন্ন শিল্পকারখানায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে ডিজেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি খাদ্য ও অন্যান্য পণ্যের দামেও প্রভাব পড়তে পারে।
যুক্তরাজ্যের ক্ষেত্রেও ঝুঁকি তুলনামূলক বেশি। দেশটির শোধনাগারগুলো অভ্যন্তরীণ চাহিদার তুলনায় পর্যাপ্ত ডিজেল উৎপাদন করতে পারে না। ফলে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে ঘাটতি পূরণ করতে হয়।
যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির মূল্যবৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যু হয়ে উঠেছে। উচ্চ ডিজেল ও পেট্রল মূল্য কৃষক, পরিবহন খাত এবং ব্যবসার ব্যয় বাড়াচ্ছে।
এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে রপ্তানি সীমিত করার সম্ভাবনা বিবেচনা করছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের রপ্তানি কমে গেলে বৈশ্বিক বাজারে সরবরাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ফলে যুক্তরাষ্ট্র একদিকে অভ্যন্তরীণ বাজারে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে চাইছে, অন্যদিকে ইউরোপীয় দেশগুলোকে তাদের জরুরি মজুত বাজারে ছাড়ার জন্য চাপ দিচ্ছে। সর্বশেষ জি-৭ের মজুত ছাড়ার সিদ্ধান্তে বৈশ্বিক বাজারে সরবরাহ কিছুটা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও সংকট পুরোপুরি কাটতে সময় লাগতে পারে।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



