ব্যাংক বীমা

দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, ১৭ অক্টোবর শনিবার খোলা রাখার নির্দেশ

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দু’দিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পূজার ছুটির আগে আগামী ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংকের সাপ্তাহিক ছুটি বাতিল করে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার রাতে দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকসমূহে ছুটির এই নতুন সময়সূচি ও দিকনির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা এ্যানালিটিকস বিভাগের (এসডিএডি) পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটি পোষাতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের জারিকৃত নির্দেশনা বহাল থাকবে। সেই অনুযায়ী আগামী ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ক্যাটাগরি